
শফিকুল ইসলাম, (দিনাজপুর) দঃ জেলা প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি থেকে কুশাখালি (শান্তি মোড়) পর্যন্ত নবনির্মিত সড়কের শুভ উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন একটি এলাকার সামগ্রিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ নবনির্মিত সড়কটি চালু হওয়ায় স্থানীয় জনগণের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও দ্রুত হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক নির্মাণের ফলে তাদের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।