
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগন্জ
(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের পালবাড়ি মাস্টারের মোড় এলাকায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
জানাজা শেষে রাষ্ট্রের পক্ষ থেকে মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীরগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মরহুমের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জের হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণ করে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।