
আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিশেষ অভিযান চালিয়ে ১১ জন সন্দেহভাজন নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শুক্রবার (১০ জুলাই) পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। একসঙ্গে এত সংখ্যক সন্দেহভাজন নারীকে আটকের ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রেলওয়ে পুলিশ জানায়, স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাই ও চুরি প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে ১১ নারীকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন— সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার উচাইল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া জিআরপি ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহ আলম বলেন, “রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে স্টেশন ও ট্রেনে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে যাত্রীদেরও সন্দেহজনক ব্যক্তি বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে দ্রুত রেলওয়ে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।