
ডেক্স রিপোর্ট
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি এবং থ্রি-পিস জব্দ করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় আমানগন্ডা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৭,৪৫,০০০/- (সাতান্ন লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক নিকটস্থ কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।