1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ঐতিহ্যবাহী সাপুটিয়া বিল। সরকারি নিয়ম-নীতি মেনে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে এই বিলটি ইজারা নিয়েছেন মৎস্যজীবীরা। কিন্তু ইজারাদারদের সেই স্বপ্নে এখন কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। জোরপূর্বক মাছ লুট, কারেন্ট জালের অবাধ ব্যবহার এবং মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বৈধ লিজগ্রহীতারা। এ ঘটনায় প্রতিকার চেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী মৎস্যজীবী নেতা নিখিল দাস।
গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে বিজয়নগর বুধন্তি মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিখিল দাস বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিজয়নগর) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৪২৯ বাংলা সন থেকে ১৪৩৪ বাংলা সন পর্যন্ত মোট ৬ বছরের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরকারি সকল নিয়ম মেনে সাপুটিয়া বিলটি ইজারা নেয় নিখিল দাসের নেতৃত্বাধীন সমিতি। কিন্তু ইজারা নেওয়ার পর থেকেই স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাদের মৎস্য চাষে বাধা প্রদান করে আসছে।
সরেজমিনে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, গত চার বছর ধরে প্রতি মৌসুমে বিলে বাঁধ দেওয়ার সময় আসামিরা গোপন বৈঠকের মাধ্যমে নীল নকশা তৈরি করে। যখনই ইজারাদারের লোকজন বিলে ‘পাটি’ বা বাঁধ দিতে যান, তখনই সংঘবদ্ধ চক্রটি দেশীয় অস্ত্র ও অবৈধ কারেন্ট জাল নিয়ে বিলে হানা দেয়।
ইজারাদার নিখিল দাস আক্ষেপ করে বলেন, “বিগত চার বছর ধরে এই আসামিদের কারণে আমার লক্ষ লক্ষ টাকার লোকসান হয়েছে। আমরা বৈধভাবে লিজ নিয়েও চোরের মতো ভয়ে থাকি।”
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, চলতি মওসুমে গত ২৯ অক্টোবর ২০২৫ইং তারিখ দুপুরে যখন ইজারাদারের লোকজন বিলে বাঁধ দেওয়ার কাজ শুরু করেন, তখন আসামিরা পরস্পর যোগসাজশে জোরপূর্বক বাঁধের ভেতর প্রবেশ করে। তারা একদিন-একরাত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন ও লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে ইজারাদারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার হুমকি দেওয়া হয় এবং আসামিরা বলেন আমাদেরকে মাছ ধরতে বাঁধা দিলে বা মামলা করলে রাতেরবেলা বিষ দিয়ে বিলের সকল মাছ মেরে ফেলব। বর্তমানে ইজারাদার ও তার সহযোগীরা চরম আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছেন।
সরকারি রাজস্ব দিয়ে লিজ নেওয়া বিলে এভাবে প্রকাশ্যে লুটপাট চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। নিখিল দাস ও তার সহযোগীরা জানান, দুর্বৃত্তরা এতটাই বেপরোয়া যে, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পায় না। এ অবস্থায় মৎস্য সম্পদ রক্ষা এবং বৈধ ইজারাদারদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্হানীয় সচেতন মহল জানান, বিজয়নগরের মৎস্য সম্পদ ও ইজারাদারদের অধিকার রক্ষায় প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট