
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির প্রসারে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ফিশারিজ-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত ও তথ্যবহুল আলোচনা করা হয়। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও সঠিক অনুপাতে মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে মৎস্যচাষীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
বিশেষ করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন—প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা সম্পর্কে চাষীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উল্লেখ করা হয়, সঠিক জাত মিলিয়ে মাছ চাষ করা অত্যন্ত জরুরি এবং পুকুরের পানি সম্পূর্ণ শুকিয়ে নতুন করে মাছ চাষ শুরু করা সবচেয়ে উত্তম পদ্ধতি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী এই প্রশিক্ষণে অংশ নেন।
দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজাহান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা জায়মান জাহান।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিশিষ্ট কৃষিবিদ মোঃ ইয়াছিন আরাফাত। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র অফিসার (সেলস) মোঃ আবু বকর সিদ্দিক।
সনাতন পদ্ধতি ছেড়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপায়ে মাছ চাষ করলে উৎপাদন খরচ অনেকাংশে কমে যায় এবং মৎস্যচাষীরা দ্বিগুণ লাভবান হতে পারেন। বিজয়নগরের মৎস্য খাতের উন্নয়নে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষীদের মেধা যাচাইয়ের জন্য একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী পর্বে উপস্থিত সকল মৎস্যচাষীর হাতে ব্র্যাক ফিশারিজের পক্ষ থেকে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির সার্টিফিকেট (সনদপত্র) তুলে দেওয়া হয়।