পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷
প্রকাশিত:
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
২৬
বার পড়া হয়েছে
পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তার খাবার দিতে আসা ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে খাটের ওপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, তিনি এরই মধ্যে মারা গেছেন।
বাড়ির মালিক সাংবাদিক কে এম শাহাদাত খান বলেন, “মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার রাতে প্রতিদিনের মতো তাকে খাবার দিতে এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানানো হয়। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।”
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। তার ছেলে আব্দুল্লাহ পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সিরীয় নাগরিক মাজেদ পটুয়াখালীতে দীর্ঘদিন ধরে ক্লিনিকসহ বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তার দুই স্ত্রী রয়েছে বলে স্থানীয়রা জানান।