
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। পৃথক তিনটি অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ জুন) কচুয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের বড়দৈল এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় করিম সাহেবের মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মো. রুবেল গাজী (৩০) ও ওমর ফারুক (৪২)-কে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা।
একই দিনে কড়ইয়া এলাকার ফরহাদের মার্কেটের সামনে পৃথক আরেকটি অভিযানে মো. রাকিব (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।