
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
এসময় তিনি বলেন, ‘ খেলাধুলা এবং সংস্কৃতির চর্চা দেশ থেকে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই যত বেশি সম্ভব শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধৃুলা এবং শুদ্ধধারার সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে নিয়োজিত রাখতে হবে।” এজন্যে তিনি শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকদের এ বিষয়ে সঠিক দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার। এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, এডভোকেট রবিউল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় বালিকা বিভাগে চরনাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে পরানপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বালক বিভাগে বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।