
আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে দুই প্রয়াত প্রবাসীর পরিবার ও এক অসুস্থ প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল এবং বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জুন ২০২৬ বিকেলে বিজয়নগর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ব্রাজিল প্রবাসী মোহাম্মদ খাইরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ মঞ্জিল খান ও মোহাম্মদ বাবুল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন শাহালম, সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, মানিক সরকার, শাজাহান মাষ্টার, এস এম রাষ্টু সরকার, আবদুল মান্নান, অলিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে হরষপুর ইউনিয়নের দুই প্রয়াত প্রবাসীর পরিবার এবং বুধন্তী ইউনিয়নের অসুস্থ প্রবাসীর পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠনের নতুন কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন করা হয়।
আয়োজকরা জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রয়াত প্রবাসীদের আত্মার মাগফেরাত এবং অসুস্থ প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।