
কুমিল্লা প্রতিনিধি:-কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরী প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক, গর্ভধারণ এবং পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রের দাবি, অভিযুক্ত কিশোরী দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বা নিশ্চিত করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।