
লক্ষ্মীপুর সংবাদদাতা :- কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চার সদস্যকে পাশাপাশি দাফন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে তাদের সমাহিত করা হয়। এটি রাজধানীর মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি আব্দুল মুমিনের শ্বশুর বাড়ি। সেখানে স্ত্রী ও সন্তানসহ পাশাপাশি কবরে সমাহিত হলেন তিনি।
গতকাল কুমিল্লার কালাকচুয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের জানাজা শুক্রবার (২৭ মার্চ) বাদ জুমা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের বশাহাজী পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের মুফতি আব্দুল মুমিন (৫০), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪০), ছেলে সাইফ (৭), মেয়ে লাবিবা (১৮)। দুর্ঘটনায় অপর নিহত প্রাইভেটকারচালক জামাল হোসেন (৫২)।
নিহত মুফতি আব্দুল মুমিনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ভগ্নিপতি। এই দুর্ঘটনায় মাওলানা ফয়সাল আহমদ বোন, ভগ্নিপতি এবং ভাগনে-ভাগনিকে হারান। ওই গাড়িতে থাকা তার ভাগিনা আবরার সৌভাগ্যক্রমে বেঁচে যান।