
মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:-
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩ মে) বিকেলে গ্রেফতারকৃত মোঃ মিনহাজ প্রঃ মিরাজ (২৯) কে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০৫ এ প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার জিডি নং-১০৮ (তারিখ: ৩ মে ২০২৬) এর ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওইদিন দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে মানিকারচর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মানিকারচর ইউনিয়নের আব্দুল্লাহর মোড় সংলগ্ন নতুন সড়কের পাশে আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদক বিক্রি করছে।
সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মিনহাজ। এসময় পুলিশের ধাওয়া ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পাশের পকেট থেকে নীল রঙের পলিথিনে রাখা ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫ দশমিক ২ গ্রাম। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ জানায়, সে দীর্ঘদিন ধরে মেঘনা থানা এলাকায় তরুণদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাকে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে জানা যায়, এর আগেও ঢাকার সবুজবাগ থানায় মাদক সংক্রান্ত একটি মামলায় তার সম্পৃক্ততা রয়েছে।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।