
পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১১টি বিদ্যালয় থেকে ২৬ জন এবং ২৮টি দাখিল মাদ্রাসার মধ্যে দুটি মাদ্রাসা থেকে একজন করে মোট দুইজন শিক্ষার্থী এই গৌরব অর্জন করেছে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ বা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৬৬ জন শিক্ষার্থী।
বিদ্যালয় ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির পরিসংখ্যানে দেখা গেছে, সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ৬ জন, ঝাটিবুনিয়া মুজাফফর ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে ৬ জন, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ৩ জন, সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন, সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন এবং সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, কিসমত শ্রীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাঁঠালতলী মাধ্যমিক বিদ্যালয়, বাজিতা মাধ্যমিক বিদ্যালয় এবং মির্জাগঞ্জ ইউনিয়ন দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৮টি মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৫৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৯৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে রামপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসা থেকে একজন করে মোট দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার সাতটি বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ১৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও মাত্র ৫৮ জন উত্তীর্ণ হয়েছে। এই বিভাগ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এমনকি আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে ৭ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেনি।