কুড়িগ্রাম প্রতিনিধি:
রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। বিষয়টি ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে তুমুল আলোচনা ও ভক্তদের মধ্যে ক্ষোভ।
রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে ফেসবুকে সার্চ করেও ‘তাজু ভাই ২.০’ নামের পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মাত্র কয়েক দিনের ব্যবধানে ১০ লাখ অনুসারী পাওয়া এই পেজটি বন্ধ হয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করছেন অনেকেই।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জিলাপির ‘সরকারি রেট’ নিয়ে করা একটি ভিডিওর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান তাজু। তার সহজ-সরল উপস্থাপনা ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরার ভিন্নধর্মী স্টাইল দ্রুতই মানুষের মন জয় করে নেয়। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাকে ঘিরে নানা সমালোচনাও শুরু হয়।
ভাইরাল হওয়ার পর থেকেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভিড় বাড়তে থাকে। এতে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চাপ তৈরি হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে ভিডিও তৈরি শুরু করলেও ২৬ মার্চের সেই ভাইরাল ভিডিওটিই বদলে দেয় তার ভাগ্য। ২৮ মার্চ থেকে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটি মাত্র এক সপ্তাহে প্রায় ৮০ লাখ ভিউ পায়। যেখানে ভাইরাল হওয়ার আগে তার ফলোয়ার ছিল মাত্র ৬ হাজার, সেখানে ৮ দিনের মাথায় তা বেড়ে দাঁড়ায় ১০ লাখে—যা কুড়িগ্রামের প্রেক্ষাপটে বিরল ঘটনা।
তাজুর মানবেতর জীবনযাত্রা দেখে ২ এপ্রিল নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি প্রদানের আশ্বাস দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
পেজটি গায়েব হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘তাজু ভাই টিম’-এর সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম। তিনি তার ফেসবুক পেজ ‘অবেলা মিউজিক’-এ লিখেছেন,
“আমাদের সকলের প্রিয় তাজু ভাইয়ের ‘তাজু ভাই ২.০’ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আমরা আশাবাদী, অতি শিগগির তিনি পেজটি ফেরত পাবেন।”
এ ঘটনায় ভক্তদের মাঝে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন—কেন হঠাৎ বন্ধ হলো এত জনপ্রিয় একটি পেজ? এখন সবার নজর, কবে ফিরবে ‘তাজু ভাই ২.০’।