
অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার- “বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে। দলটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। দেশকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে দেখতে চাইলে ধানের শীষের বিকল্প নাই। এই লক্ষ্যেই আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নোত রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন। ” কাজিপুর উপজেলা বিএনপি আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা। সোমবার বিকেল পাঁচটায় কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তা মোড়ে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। সেলিম রেজা বলেন, “কাজিপুরের জনগণ ১২ তারিখ ধানের শীষের বিপ্লব ঘটাবে ইনশাল্লাহ। বিএনপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে একাধিক যুগোপযোগি কর্মসূচী বাস্তবায়ন করবে। এর মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড। এসব কর্মসূচীর মাধ্যমে নিম্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রা সহজ করা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করা হবে এবং কাজিপুরের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, হাসপাতালের উন্নয়ন সহ সব ধরনের কার্যক্রম চালানো হবে।
জামায়াত প্রসঙ্গে সেলিম রেজা বলেন, ‘ তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তাদের হাতে দেশ নিরাপদ নয়।” এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, “স্বাধীনতার প্রশ্নে আপনারা নির্ভয়ে ধানের শীষে ভোট দিন। আমরা মিলে মিশে কাজিপুরকে গড়তে কাজ করে যাবো।”
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতারা বক্তব্য রাখেন।