
ডেক্স রিপোর্ট:- শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, শেরপুরের ঘটনায় ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।
তিনি বলেন, ‘শেরপুরের ঘটনা নিন্দনীয়। আচরণবিধি অনুযায়ী ইশতেহার পাঠ অনুষ্ঠানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ইউএনও ও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।’এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নির্বাচনি ইশতেহার পাঠ’ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডায় জড়ান বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা। যা একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। এতে জামায়াতের নেতা রেজাউল করিম নিহত হন।