আবদুল্লাহ আল হৃদয়ঃ–বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন হিসেবে তিতাস নদীতে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ।
পরে বিকেলে স্থানীয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লোকনাথ মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় বৃষ্টিস্নাত পরিবেশেও নেতাকর্মীদের উচ্ছ্বাসে র্যালিতে ভিন্নমাত্রা যোগ হয়। শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ বৃষ্টির মধ্যেই হাততালি দিয়ে র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পরে লোকনাথ মাঠে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন, সহসভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সহসভাপতি এবিএম মমিনুল হক, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত