
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
নাঈম ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং জশনে জুলুসের নামে কথিত বিদআতি কর্মকাণ্ড বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট (রবিবার) উপজেলার চম্পকনগর ব্রিজের ওপর তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আমিনুল ইসলাম হাশেমী, মুফতী রঈস উদ্দিন আমিনী, মাওলানা আশেকুল্লাহ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা আবুল হাসান, মুফতী মোজাম্মেল হক ইয়াকুবী, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আবু বকর হাক্কানি, মাওলানা রহমতুল্লাহ বিন কাদির ও মাওলানা আল আমিন সরকারসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত নাঈম একজন দাঙ্গাবাজ, প্রতারক ও ভণ্ড। গত বছর চান্দুরা ডাকবাংলো মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমানের বিরুদ্ধে জঘন্য গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল সে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার দ্রুত নিষ্পত্তি ও তাকে অবিলম্বে গ্রেফতার করা না হলে যেকোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার আলেম সমাজ নেবে না।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১২ই রবিউল আউয়াল ভণ্ড নাঈম তার সঙ্গীদের নিয়ে চম্পকনগর-চান্দুরা সড়ক কিংবা দুলালপুরের রাস্তায় কোনো ধরনের শোডাউন বা মিছিল বের করার চেষ্টা করলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে আগামী ১২ই রবিউল আউয়াল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লক্ষ্মীপুর নতুন মসজিদের সামনে এবং দুলালপুর চার রাস্তার মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।