
আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহ.)-এর বার্ষিক ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ।
সোমবার (১০ আগস্ট) থেকে আগামী ১৬ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত ও আশেকান মাজার প্রাঙ্গণে সমবেত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে রোববার (৯ আগস্ট) মাজার প্রাঙ্গণে গিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। এ সময় তিনি ওরশে আগত ভক্তদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও মাজার কমিটির মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।