আবদুল্লাহ আল হৃদয়ঃ–হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর ট্রাক উঠে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার বেজুরা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং একই উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার সর্দার বাড়ির নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা ব্রিজের ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে দুইজন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও উদ্ধারকারী দল যানবাহনগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত