আবদুল্লাহ আল হৃদয়ঃ–বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
শনিবার (১ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে অবস্থিত তাঁর বাসভবনে সংগঠনের পক্ষ থেকে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটুর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহাদ, অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ ও সদস্য হীরা আহমেদ জাকির। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা গ্রহণ করে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার হওয়া প্রয়োজন। জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। তিনি দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার পাশে থাকার আশ্বাসও ব্যক্ত করেন।
এ সময় সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। সাংবাদিক ইউনিয়ন ভবিষ্যতেও পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আরেফিন বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুযোগ এবং একটি স্বাধীন ও সুস্থ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
পরে সাংবাদিক নেতারা ও সংসদ সদস্য জেলার উন্নয়ন, সুশাসন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত