আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার শিশুপুত্রসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল প্রায় ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া ওই গ্রামের বন্ধের বাড়ির বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) এবং একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২)-এর মধ্যে গরু নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় ইয়াসিনের মাথায় লাঠির আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার একপর্যায়ে বল্লমের আঘাতে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়ার নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ নিহত হামদু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত