এমডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি :-"স্ক্যাম বা প্রতারণার ফাঁদে বন্দি"এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ল্যাম্ব হেলথ ইউকের আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রকল্পের উদ্যোগে বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন ও হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে পৃথকভাবে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,সচেতনতামূলক স্লোগান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্যে অনলাইন প্রতারণা,প্রযুক্তির অপব্যবহার এবং সাইবারভিত্তিক মানব পাচারের ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ উপকারভোগী,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পৃথক ভাবে আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকির হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে কিশোর কিশোরী, শিক্ষার্থী,শিক্ষক,ধর্মীয় নেতা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্বাস্থ্যকর্মী,বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন,প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে মানব পাচারের কৌশলেও এসেছে নতুন মাত্রা। অপরাধী চক্র এখন সামাজিক যোগাযোগমাধ্যম,ভুয়া চাকরির বিজ্ঞাপন,বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর অপব্যবহারের মাধ্যমে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। অনেক ক্ষেত্রে পাচারের শিকার ব্যক্তিদের বিদেশে নিয়ে গিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণা,সাইবার অপরাধ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে। বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করা,প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সন্দেহজনক চাকরির প্রস্তাব বা প্রলোভন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মানব পাচার প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রেখে নিরাপদ,সচেতন ও মানব পাচারমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়। তারিখ: ৩০ জুলাই ২০২৬।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত