পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর সদর উপজেলার আদাবাড়ী ইউনিয়নের কাশিপুর বাজারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন মাছ, মুরগি ও গরুর মাংস ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন নিজেকে দৈনিক জনতার খবর পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি পরিচয়দানকারী সাংবাদিক মো. আবুল কালাম আজাদ।
রোববার (২৬ জুলাই) সকালে কাশিপুর বাজারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় মাছ, মুরগি ও গরুর মাংস ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাদের দাবি, গত শুক্রবার এক ব্যক্তি একটি গরুর মাংসের দোকানে গিয়ে জবাই করা গরুকে অসুস্থ বা মৃত বলে দাবি করেন। পরে সংবাদ প্রকাশ, প্রশাসনিক অভিযান, জেল-জরিমানা ও দোকান সিলগালার ভয় দেখিয়ে প্রথমে ৫ হাজার টাকা নেন। এরপর ভুয়া পশুচিকিৎসক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে আরও ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
তারা আরও বলেন, অন্যান্য ব্যবসায়ীরা এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি পরে আবার এসে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এতে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তার কাছে সাংবাদিকতার বৈধ পরিচয়পত্র দেখতে চান। তবে তিনি তা দেখাতে না পারায় স্থানীয়রা তাকে আটক করেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে স্থানীয় মুরগি ব্যবসায়ী সজিব মল্লিক বলেন, এ কর্মসূচি কোনো পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে নয়। সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
অন্যদিকে অভিযুক্ত সাংবাদিক মো. আবুল কালাম আজাদ পৃথক সংবাদ সম্মেলনে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির তথ্য পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে অবহিত করেছিলেন। এ কারণে ক্ষুব্ধ কয়েকজন ব্যবসায়ী তার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত