ঝালকাঠি থেকে মোঃ ফেরদৌস :- ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরসংকর গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি'র একটি সেতু নির্মাণকাজের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষা এবং যথাযথ তদারকি ছাড়াই কাজ পরিচালনার অভিযোগ তুলে শুক্রবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থায়নে নির্মিতব্য সেতুর কাজ শুরু থেকেই নানা অনিয়মের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নকশা অনুযায়ী ৬০ ফুট গভীর পাইলিং করার কথা থাকলেও মাত্র ১৫ ফুট পর্যন্ত পাইলিং করা হচ্ছে।
এছাড়া কালো পাথরের পরিবর্তে সাদা পাথর, সিলেটের বালুর পরিবর্তে স্থানীয় বালু এবং ২০ মিলিমিটার রডের পরিবর্তে ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা হাবীব হাওলাদার, কাঞ্চন হাওলাদার, মামুন হাওলাদার ও যুবদল নেতা আহমেদ মিঠু।
এছাড়া নির্মাণকাজ চলাকালে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক হলেও তাদের অনুপস্থিতিতেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল বাশার বলেন, "ঠিকাদার মালামাল নিয়েছে, আমরা এখনো কাজের সাইটে যাইনি।"
এলাকাবাসীর অভিযোগ, সরকারি উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি জননিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে। তারা অবিলম্বে নির্মাণকাজের তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, "আমরা এখন পর্যন্ত এই সেতুর কাজ শুরু করিনি। ঠিকাদার কেন আমাদের না জানিয়ে কাজ শুরু করেছেন, সে বিষয়ে তাকে নোটিশ দিয়ে কৈফিয়ত চাওয়া হবে।"
উপজেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও তদারকি ছাড়া কীভাবে সরকারি প্রকল্পের নির্মাণকাজ শুরু হলো।
তবে উপজেলা প্রকৌশলীর বক্তব্য প্রত্যাখ্যান করে সংশ্লিষ্ট ঠিকাদার রফিক মৃধা দাবি করেন, "কাজ শুরুর বিষয়টি উপজেলা এলজিইডি দপ্তরকে অবহিত করেই করা হয়েছে।"
এ বিষয়ে জানতে এলজিইডির ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রোববার দুপুরে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। অফিস অন্য কর্মকর্তারা জানিযেছে, 'তিনি নলছিটি উপজেলায় সরকারি কাজে অবস্থান করছেন।'
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত