আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ডাকাতি হওয়া ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই একটি ট্রাক পুলিশের তীব্র ধাওয়ার মুখে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোররাতে সরাইল উপজেলার ধরন্তী এলাকায় দুই থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, বেশ কিছু আলামত এবং ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের চালক ও হেলপারকে হাত-চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাত দলের সদস্যরা হাওরে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, গভীর রাতে কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় টহলরত পুলিশ একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের মাধ্যমে জানতে পারে যে বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকা থেকে একটি গরুভর্তি ট্রাক ডাকাতি হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ট্রাকটির পিছু নেয়।
পুলিশের তাড়া খেয়ে ডাকাতরা মহাসড়ক ছেড়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে ঢুকে পড়ে। এ সময় বেতার বার্তার (ওয়্যারলেস) মাধ্যমে সরাইল থানা পুলিশকে সতর্ক করা হলে তারা ধরন্তী ব্রিজ এলাকায় একটি জরুরি চেকপোস্ট বসায়। ডাকাত দল চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে এবং দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা চালায়। তবে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে ধরন্তী এলাকায় ট্রাক ও পিকআপ ফেলে রেখে পাশের হাওরের অন্ধকারের সুযোগ নিয়ে ডাকাতরা চম্পট দেয়।
ঘটনাস্থল থেকে ৩১টি ষাঁড়-বাছুর বোঝাই ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মিনি পিকআপ, একটি ব্যাগ, একটি আইফোন-৬ প্লাস মোবাইল ফোন এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চাবি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া ট্রাকচালক হায়দার আলী ও হেলপার মো. হুমায়ুন কবির বিপ্লব জানান, তারা সিলেটের জৈন্তাপুর থেকে ৩১টি ষাঁড়-বাছুর নিয়ে নরসিংদীর একটি পশুর হাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে হবিগঞ্জ পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বুধন্তী ও চান্দুরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল ডাকাত মহাসড়কে ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে। ডাকাতরা তাদের ব্যাপক মারধর করে হাত ও চোখ বেঁধে পিকআপে তুলে নেয় এবং ট্রাকটি ছিনতাই করে।
এ সময় ট্রাকে থাকা রাখাল কৌশলে পালিয়ে গিয়ে গরুর মালিককে বিষয়টি জানান। মালিক তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, "৯৯৯ থেকে বার্তা পাওয়ার পরপরই বিজয়নগর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া শুরু করে। পরে গাড়িটি সরাইল থানা এলাকায় প্রবেশ করলে দুই থানার পুলিশ সমন্বিত অভিযান চালিয়ে গরুসহ ট্রাকটি উদ্ধার এবং জিম্মিদের মুক্ত করতে সক্ষম হয়।"
এ ঘটনায় জড়িত ডাকাতদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত