আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণেশ মোদক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ রাজধানীর কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রাণেশ মোদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার এলাকার মোদকপাড়ার বাসিন্দা প্রাণ বল্লভ মোদকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় তিন দিন আগে ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে বিজয়নগর এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তৎপর হয় পুলিশ। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বনানী থানা পুলিশ ঢাকায় তার অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে বনানী থানার ওসি (তদন্ত) জানান, প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপরাধে তার চূড়ান্ত সম্পৃক্ততা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
"প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং তা সিআইডির (CID) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক প্রতিবেদনের ফলাফল এবং পুলিশের চুলচেরা তদন্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাণেশ মোদকের বিরুদ্ধে এ ধরনের অপরাধের অভিযোগ এবারই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারি মাসেও হুবহু একই ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করেছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত