স্টাফ রিপোর্টার :- কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিজিবি সূত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সটি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুটেন্টের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় ট্রেনের বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী এবং বাসমতি চাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত