অনলাইন ডেক্স
বরগুনার জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও তার দুই কন্যাসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় জেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করলেও নিহতদের পরিবার ও স্থানীয়দের দাবি, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের ফাঁসির দাবিতে লাশ নিয়েই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও প্রতিবেশীরা।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সন্ধ্যায় নিহত তিনজনের মরদেহ নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কালিবাড়ি এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে শেষ হয়। এতে শত শত মানুষ অংশ নিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থলের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ জনসম্মুখে প্রকাশ করেনি। এছাড়া ময়নাতদন্ত প্রক্রিয়াতেও অস্বাভাবিক বিলম্ব হয়েছে। এসব কারণে ঘটনার সুষ্ঠু তদন্ত নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, মা ও দুই শিশুকন্যার মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না; এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, বুধবার (৩ জুন) বিকেলে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে বরগুনা শহরের কালিবাড়ি এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ইতি রাণী (৩৪) এবং তার দুই কন্যা আরাধা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসের (৩) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও পরিবার ও স্থানীয়দের বড় একটি অংশ এটিকে হত্যাকাণ্ড দাবি করে বিচার দাবিতে আন্দোলনে নেমেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত