ঢাকা অফিস:- রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণ ও হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৩০ মে) রাতে হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর থেকেই চিকিৎসক ও সেবাকর্মীরা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় বিভিন্ন সরকারি সংস্থা ও তদন্ত কমিটির নিয়মিত পরিদর্শনের কারণে হাসপাতালে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল।হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শনিবার হাসপাতাল পরিদর্শনে আসার পর বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। তখন চিকিৎসাধীন রোগীদের স্বার্থে সাংবাদিকদের প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় হাসপাতালের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসম্মান প্রদর্শনকে সমর্থন করে না এবং শনিবারের ওই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, তারা সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কর্মীদের অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত আচরণে সাংবাদিকরা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত