
আবদুল্লাহ আল হৃদয়ঃ·
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এবং ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটি’-র এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বিজয়নগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।
এবারের পুষ্টি সপ্তাহের অঙ্গীকার হিসেবে ঘোষিত হয়েছে—
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন,
ডাক্তার সুমন ভূইয়া, স্বাস্থ্য কর্মকর্তা।
ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।
ডাক্তার শাহজালাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী।
এইচ এম জহিরুল ইসলাম, চেয়ারম্যান, বিআরডিবি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি মেধাবী প্রজন্ম উপহার দিতে পারি। ‘পুষ্টি বৈষম্য’ দূর করে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পাশাপাশি, শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। এই সময়ে সঠিক পরিসংখ্যান বজায় রাখতে জন্ম-মৃত্যু নিবন্ধন অত্যন্ত জরুরি বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে সকিনা আক্তার বলেন, “সরকার পুষ্টির মানোন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে নিরলস কাজ করছে। আমরা যদি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে পারি, তবেই ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়া সম্ভব হবে। স্বাস্থ্য কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।”