
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপি’র একটি টহল দল বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নির্ভয়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২,১৬,০০০ টাকা বলে জানানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান দেশের অর্থনীতি ও স্থানীয় বাজার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।