
বাঞ্ছারামপুর প্রতিনিধি ,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশি অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ আব্বাস মিয়া (৫৪)।
২. আখাউড়া উপজেলার মনি অন্দ এলাকার রফিক মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সলফা-টু-ফেরীঘাট রোডের ফতেহপুর কবরস্থান সংলগ্ন ব্রিজে অবস্থান নেয়। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ঐ দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের নিকট থেকে ৮০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে পুলিশ আইনানুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যসহ তাদের থানায় নিয়ে আসে।
বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।