
নাহিম হাজারী চৌদ্দগ্রাম প্রতিনিধি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কৃষিজমির উর্বরতা রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৮ জানুয়ারি) সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পশ্চিম) ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে কানন দিঘীর পাশের একটি কৃষিজমিতে অবৈধভাবে মাটি কর্তনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (এক্সকাভেটর) জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটরটি বর্তমানে উপজেলা পরিষদের মাঠে সংরক্ষণ করা হয়েছে। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
কৃষিবিদদের মতে, কৃষিজমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি গভীর মাটিতেই জমির প্রধান পুষ্টিগুণ বিদ্যমান থাকে। এই উর্বর স্তর কেটে নেওয়ার ফলে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি পরবর্তীতে অতিরিক্ত সার প্রয়োগ করলেও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন সম্ভব হয় না, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন,
কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি ও জনস্বার্থবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। জব্দকৃত যানবাহনের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।